হোম > সারা দেশ > ঢাকা

সিটি কলেজ মোড়ে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিটি কলেজ মোড়ে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ধানমন্ডি এলাকার সিটি কলেজ মোড়ে ফুটপাত দখল করে গড়ে তোলা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ অভিযানে ফুটপাত ও সড়কের পাশে থাকা দোকানের মালামাল ও বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়। কিছু মালামাল জব্দ করে ডাম্পিং করা হয়।

সিটি কলেজ মোড়ে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশের ফুটপাতে গড়ে তোলা দোকানপাট ও বিভিন্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করছেন সিটি করপোরেশনের কর্মীরা। যেসব মালামাল ও সরঞ্জাম নির্ধারিত সময়ের মধ্যে সরানো হয়নি, সেগুলো জব্দ করে ডাম্পিং করা হচ্ছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযানে উপস্থিত ছিলেন। অভিযান শুরুর আগে কয়েক দিন ধরে মাইকিং করে ফুটপাতের দখল ছেড়ে দিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে অভিযান পরিদর্শন শেষে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকাকে পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, ধানমন্ডি একটি আবাসিক এলাকা হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মালিকদের নিজস্ব নির্ধারিত জায়গার মধ্যেই ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাত দখল করা যাবে না এবং প্রতিষ্ঠানের সামনে কোনো হকার বসতে দেওয়া যাবে না।

নিউমার্কেট এলাকার ফুটপাত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, নিউমার্কেটের মূল সড়ক এবং ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত ফুটপাতে কোনো হকার বসতে পারবেন না। তবে হকারদের পুনর্বাসন বা বিকল্প জায়গার ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা জানিয়ে আবদুস সালাম বলেন, জরিপে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ যে কয়েকটা এলাকা পাওয়া গেছে তার মধ্যে ধানমন্ডি একটি। তাই নতুন করে বিশেষ অভিযান চালানো হচ্ছে। ভবনের নিচে, রাস্তার পাশে কিংবা ড্রেনে যেন এডিস মশার লার্ভা জমতে না পারে, সে জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।