হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী ৪ দিনের রিমান্ডে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর মোহাম্মদপুর থানার ইকবাল রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহি। ছবি: ভিডিও থেকে

রাজধানীর মোহাম্মদপুরে রাজু আহমেদ হত্যা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহীকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ নির্দেশ দেন।

সাবেক এই সংসদ সদস্যকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম কবির জিজ্ঞাসাবাদের জন্য রুহীর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার রিমান্ড বাতিলের পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে গত ২৩ সেপ্টেম্বর রুহীকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল দেখছিলেন জননী কুরিয়ার সার্ভিসের কর্মী রাজু আহমেদ। ওই সময় আন্দোলন প্রতিহত করতে গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রাজু আহমেদ নিহত হন। ঘটনার প্রায় এক মাস পর ওই বছরের ২৭ আগস্ট মোহাম্মদপুর থানায় রাজু নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য রুহী হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত রয়েছেন বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন, এ ঘটনায় কারা কারা জড়িত, তাঁদের নাম-ঠিকানা সংগ্রহ করার জন্য রুহীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।