রাজধানীর সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে নাঈম হাওলাদার (৩০) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাঁর সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ইউনিক বাসের হেলপার ছিলেন।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে সায়েদাবাদ জনপদ মোড়ে ঘটনাটি ঘটে।
হাসপাতালে ইউনিক বাসের সুপারভাইজর মো. জাহিদুল ইসলাম বলেন, নাঈম ইউনিক গাড়ির হেলপার ছিল। বিকেলে সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা হই। সায়েদাবাদ জনপদ মোড়ে আসলে নাঈদ বাসের দরজার পাশ থেকে রাস্তায় পরে গুরুতর আহত হয়। এরপর তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত নাঈমের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পাখিমারা গ্রামে। গ্রামের বাড়িতে থাকতেন নাঈম। তাঁর আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।