বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তুরাগ কার্যালয়ে দালালবিরোধী অভিযানে মো. বিল্লাল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
আজ বুধবার বিকেল ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৬-এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন তুরাগ থানা এলাকার কামারপাড়ার বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় দায়িত্বে থাকা আনসার সদস্য পিসি মো. অপু সারোয়ার ও আনসার সদস্য মো. রাসেল মিয়া দালাল চক্রের কার্যক্রমের ওপর নজর রাখছিলেন। তাঁদের সতর্কতা ও সক্রিয় সহযোগিতায় বিল্লাল হোসেনকে আটক করা সম্ভব হয়।
আটকের সময় বিল্লাল হোসেনের কাছ থেকে বিভিন্ন গাড়ির নতুন রেজিস্ট্রেশন, ফিটনেস ও মালিকানা বদল-সংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়। পরে তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত এক মাসের কারাদণ্ড দেন।
আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তী সময়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।