বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইন সহায়ক পরিষদের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সদস্য অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ রুদ্রকে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
আজ শনিবার বিকেলে আইনজীবী রুদ্রকে আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল ইসলাম তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে রুদ্রের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
গত শুক্রবার রাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে মহিউদ্দিন আহমেদ রুদ্র নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশে দেন আলোচিত যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল কর্মীরা। মহিউদ্দিন আহমেদ রুদ্রের স্বজনদের দাবি, তাঁকে বাসা থেকে মব করে ধরে নিয়ে গেছে যুবদলের নেতা-কর্মীরা।
আজ তাঁকে মো. বেল্লাল নামের এক যুবককে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, গতকাল শুক্রবার রুদ্রকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও নাশকতাকারী হিসেবে স্থানীয় জনগণ বায়তুল মোকাররম মসজিদ গেট এলাকা থেকে আটক করে রাত ৮টার দিকে থানায় সোপর্দ করে।
এই মামলার এজাহার থেকে দেখা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বেলা পৌনে ২টার সময় আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা পল্টন এলাকায় মিছিল সমাবেশ করছিল। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃত্বে মিছিলে হামলা হয়। স্বেচ্ছাসেবক দল কর্মী বেল্লালকে লাঠি-সোঁটা দেশি অস্ত্রশস্ত্র দিয়ে মারধর ও কুপিয়ে আহত করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৫ সালের ৮ মে পল্টন থানায় মামলা করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর আলম (সাবেক মেয়র, গাজীপুর সিটি করপোরেশন) ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১২৩ জনের নাম উল্লেখ করা হয়।
কারাগারে আটকের আবেদনে বলা হয়েছে, মহিউদ্দিন আহমেদ রুদ্র দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন হোয়াটস অ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তিনি বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন ও আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি, হরতাল কর্মসূচির ককটেল বিস্ফোরণ ঘটানো, পেট্রলবোমা নিক্ষেপ, গণপরিবহনে আগুন লাগানোসহ বিভিন্ন দেশ বিরোধী কর্মসূচিতে জড়িত মর্মে প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছ। এমতাবস্থায়, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।