হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ও মহাখালীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মিরপুরের পল্লবীর সিরামিকস রোডে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে এবং রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে আলিফ পরিবহনের আরও একটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুরের ১২ নম্বর এলাকায় ও মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুরের বাসটির আগুন পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মহাখালীর বাসটির আগুন নিয়ন্ত্রণে কাজ করেন তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, মিরপুর সুপার লিংক পরিবহনের বাসটি বিকেল থেকেই ঘটনাস্থলে পার্ক করা ছিল। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, মহাখালীর আমতলী রোডে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

দুটি ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।