রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এমের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ভাটারা থানা-পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীরা ওই ফ্ল্যাটে সমবেত হন। এ সময় তাঁরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে।