হোম > সারা দেশ > ঢাকা

গাবতলীতে বাসচাপায় দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর গাবতলীতে সড়ক পার হওয়ার সময় বাসচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলীর পর্বত এলাকায় কল্যাণপুরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় ও বয়স জানা যায়নি।

পুলিশ জানায়, নিহত দুই নারীই বয়স্ক। তাঁরা মিরপুর থেকে বড়বাজার এলাকায় তাঁদের জামাতার বাসায় এসেছিলেন। পরে রাস্তা পার হওয়ার সময় চাঁদনী ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) তামান্না রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গাবতলীর পর্বত এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারী পথচারীর মৃত্যু হয়েছে।’

একই থানার এসআই ধীরাস জানান, নিহত নারীরা মিরপুর থেকে বড়বাজার এলাকায় তাঁদের জামাতার বাড়িতে এসেছিলেন। সড়ক পার হওয়ার সময় বাসের চাপায় তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।