হোম > সারা দেশ > ঢাকা

রাত ৮টা থেকে ১টা, রাজধানীর চার স্থানে ককটেল বিস্ফোরণ, ২ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শ্যামলীতে ঠিকানা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বিভিন্ন স্থানে গত মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাত সোয়া আটটা থেকে পৌনে একটার মধ্যে আসাদগেট, আদাবর, মহাখালী ও তেজগাঁও শিল্পাঞ্চলে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই রাতে মিরপুরে জাতীয় চিড়িয়াখানার সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। শ্যামলীতে চলন্ত অবস্থায় আরেকটি বাসেও আগুন লাগে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন আসাদগেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি সেখানে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হননি। কাউকে আটকও করা যায়নি।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে যায়।

রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেকের ৯ নম্বর সড়কে ওয়ালটন প্লাজার সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরপর রাত ১১টার কিছু আগে মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন পালিয়ে যান বলে জানান বনানী থানার ওসি মো. সালাউদ্দিন। রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

এদিকে দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, পরে বোমা নিষ্ক্রিয়করণ দল ককটেলটি নিষ্ক্রিয় করে।

একই রাতে মিরপুরে জাতীয় চিড়িয়াখানার মূল ফটকের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। শাহ আলী থানার ওসি রাজীব হোসেন বলেন, কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এ ছাড়া রাজধানীর শ্যামলীতে চলন্ত অবস্থায় ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন লাগে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা শিহাব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর এটি নাশকতা কি না, তা জানা যাবে।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেন, বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।