হোম > সারা দেশ > ঢাকা

অসুস্থ সমাজ ত্বকীকে হত্যা করেছে, সরকার বদলালেও হত্যাকারীরা টিকে আছে: আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আনু মুহাম্মদ। ফাইল ছবি

​তানভীর মুহাম্মদ ত্বকী কোনো অসুস্থতায় নয়, বরং অসুস্থ সমাজ তাঁকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, রাজনৈতিক পটপরিবর্তন ও সরকার বদল হলেও ক্ষমতার কাঠামো অপরিবর্তিত থাকায় ত্বকী হত্যার বিচার হয়নি এবং হত্যাকারীরা এখনো প্রভাবশালী অবস্থানে টিকে আছে।

আজ ​শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ এ অনুষ্ঠানের আয়োজন করে।

​বক্তব্যের শুরুতে শিশু-কিশোরদের সুপ্ত সম্ভাবনার কথা তুলে ধরে আনু মুহাম্মদ বলেন, অভিভাবকদের বড় একটি অংশ সন্তানদের কেবল মুখস্থবিদ্যা, গাইড বই ও পরীক্ষার চাপের মধ্যে রেখে বড় করতে চান, যার ফলে অনেক সম্ভাবনা ধ্বস্ত হয়ে যায়। আর এমন বাস্তবতায় এ ধরনের আয়োজন শিশুদের অংশগ্রহণ ও বিকাশের সুযোগ তৈরি করে।

আনু মুহাম্মদ বলেন, ত্বকী বেঁচে থাকলে বড় হয়ে নিজেই এমন উদ্যোগ নিতেন; তবে ত্বকী না থাকলেও তাকে এবং তার হত্যাকারীদের স্মরণে রাখা জরুরি, কারণ অপরাধীরা চায় মানুষ অপরাধ ও ইতিহাস ভুলে যাক।

​কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষের প্রসঙ্গ উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, সুকান্ত যেমন কম বয়সেই সম্ভাবনা ও স্বপ্নের বিচ্ছুরণ ঘটিয়েছিলেন, ত্বকীর মধ্যেও মুক্তিযুদ্ধ, সাম্যের সমাজ ও মানুষের স্বপ্ন নিয়ে লেখালেখি এবং ছবি আঁকাসহ নানা সৃজনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গিয়েছিল।

​‘আইন তার নিজের গতিতে চলবে’—এমন বক্তব্যের সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, আইন কখনোই নিজের গতিতে চলে না; বরং ক্ষমতার দম্ভ ও ইশারায় পরিচালিত হয়।

নারায়ণগঞ্জে ক্ষমতাবানদের বিরুদ্ধে রফিউর রাব্বির নেতৃত্বাধীন আন্দোলনের কারণে নিজেদের সুরক্ষা ও ভয় দেখাতে ত্বকীকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। অতীতে সংসদে তৎকালীন প্রধানমন্ত্রীর এক বক্তব্যের পর বিচার প্রক্রিয়া থমকে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, তখন ক্ষমতার বলয় স্পষ্ট হয়েছিল।

​পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার এবং বর্তমান নির্বাচিত সরকারের আমলেও ত্বকী হত্যার বিচার না হওয়ায় প্রশ্ন তোলেন আনু মুহাম্মদ। তিনি বলেন, রাজনৈতিকভাবে পরস্পর বিরোধী অবস্থানে থাকা দলগুলোর মধ্যে সহিংসতা ও বিরোধ থাকলেও বিচার না করার বিষয়ে কীভাবে ঐক্য তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা দরকার। নারায়ণগঞ্জে প্রভাবশালী মহল ও শামীম ওসমানের পরিবারের সঙ্গে কোনো সমঝোতা বা দফারফা হয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

অধ্যাপক ​আনু মুহাম্মদ বলেন, সরকার পরিবর্তনের পরও নিচের স্তরে ক্ষমতার বিন্যাস, শ্রেণিস্বার্থ, বিচার ব্যবস্থা, পুলিশ ও আমলাতন্ত্রের চেহারায় বড় কোনো বদল আসেনি; কেবল মুখের পরিবর্তন হয়েছে।

সাগর-রুনি, তনু ও মুনিয়া হত্যাকাণ্ডের বিচার না হওয়ার প্রসঙ্গ টেনে তিনি চলমান খুন, হামলা, পাইকারি মামলা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন।

​স্বাধীনতার দীর্ঘ সময় পরও নাগরিকদের নিরাপদে সংস্কৃতি চর্চা, বিজ্ঞান গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার পরিবেশ না পাওয়ায় হতাশা প্রকাশ করলেও হাল না ছাড়ার আহ্বান জানান আনু মুহাম্মদ। তিনি বলেন, শৈশব থেকে সব প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় সক্রিয়তা বাড়াতে হবে এবং ত্বকীর মতো চরিত্রকে শক্তির উৎস হিসেবে নিতে হবে—কারণ ত্বকী কেবল রফিউর রাব্বি ও রণক রেহানার সন্তান নয়, সে পুরো বাংলাদেশের সন্তান।