হোম > সারা দেশ > ঢাকা

‘মোরগ পোলাও খাইয়ে’ স্বর্ণালংকার চুরি: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূরবী জুয়েলার্স থেকে প্রায় দুই হাজার ভরি গয়না চুরির ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজায় ‘পূরবী জুয়েলার্স’ থেকে প্রায় ৩৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ডায়মন্ড ও নগদ অর্থ চুরির মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁরা হলেন গোলাম সারোয়ার, মো. আমিনুর রহমান এবং রিজওয়ানুল ইসলাম নাহিদ।

বিকেলে তাঁদের আদালতে হাজির করে ধানমন্ডি থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আমিনুল হক আসামিদের প্রত্যেককে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে ৪ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

গতকাল শনিবার অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হয়।

ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজার নিচতলার ২১ / ২২ নম্বর দোকানে পূরবী জুয়েলার্স অবস্থিত। গত ২৭ নভেম্বর রাত ৮টার দিকে নিয়মিত কার্যক্রম শেষে দোকান বন্ধ করে মালিক ও কর্মচারীরা বাসায় চলে যান। পরদিন ২৮ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দোকানের কর্মচারী সনজিদ শীল মোবাইল ফোনে মালিক অমিত ঘোষকে জানান, শোরুমের শাটার ও কলাপসিবল গেটের ১০টি তালা কাটা এবং ভেতরের গ্লাস ডোর ভাঙা অবস্থায় রয়েছে। এ ছাড়া ভেতরে স্বর্ণালংকার ও ডায়মন্ডের বক্সগুলো মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে ছিল।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ২৮ নভেম্বর রাত আনুমানিক ১টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় পরস্পর যোগসাজশে অজ্ঞাতনামা চোরেরা দোকানের তালা কেটে ও গ্লাস ডোর ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ অলংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় গতকাল শনিবার ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করা হয়। এর পরপরই অভিযান চালিয়ে ধানমন্ডি এলাকা থেকে সন্দেহভাজন ওই তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে গ্রেপ্তার তিন আসামির জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলছে। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, চোরাই স্বর্ণালংকার উদ্ধার এবং এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, পাশাপাশি পলাতক অন্যদের সঠিক নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তারের লক্ষ্যে আসামিদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।