হোম > সারা দেশ > ঢাকা

মালয়েশিয়ার শ্রমবাজার পর্যবেক্ষণে যাচ্ছেন মন্ত্রণালয়-বোয়েসেলের ৪ কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি, ঢাকা

মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ ও সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখতে দেশটিতে সফরে যাচ্ছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) চার কর্মকর্তা। ১৫ থেকে ১৭ অক্টোবর তাঁদের সফরের অনুমোদন দিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা সরকারি আদেশে সফরের অনুমোদনের কথা জানানো হয়। আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব কেয়া দেবনাথ।

সফরকারী দলের নেতৃত্ব দেবেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী। দলে রয়েছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, বোয়েসেলের কোম্পানিসচিব (উপসচিব) সাব্বির আহমেদ ও উপমহাব্যবস্থাপক (জ্যেষ্ঠ সহকারী সচিব) নাজমুন নাহার।

সরকারি আদেশ অনুযায়ী, যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী ও উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলের সফরসংক্রান্ত সব ব্যয় বহন করবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বোয়েসেলের কোম্পানিসচিব সাব্বির আহমেদ ও উপমহাব্যবস্থাপক নাজমুন নাহারের সফরসংক্রান্ত সব ব্যয় বহন করবে সংস্থাটি।

তবে এ সফরে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে, সে বিষয়ে সরকারি আদেশে বিস্তারিত উল্লেখ করা হয়নি।