রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৬৫) এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে বিকেল ৪টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির পাশের রেললাইনে হাঁটার সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আলভি হোসেন জানান, বিকেলে কোচিংয়ে যাওয়ার পথে খিলগাঁও পুলিশ ফাঁড়ির পাশের রেললাইনে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আলভি হোসেন আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, সন্ধ্যার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।