হোম > সারা দেশ > ঢাকা

ইতালিপ্রবাসী স্বামীর কাছে যেতে সাড়ে ৪ লাখ টাকায় পেলেন ‘ভিসা’, অতঃপর...

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর গুলশান থেকে ২০ জুলাই মানবপাচারের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে স্বামী ইতালিপ্রবাসী। তাঁর স্ত্রী চার সন্তান নিয়ে বসবাস করেন বাংলাদেশে। কিন্তু ভিসার আবেদন করার পর ওই নারীকে ইতালি দূতাবাস থেকে জানানো হয় যে, তাঁর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এ সময় নাজমুল হাসান নামে এক ব্যক্তি ওই নারীকে দ্রুত পাসপোর্ট নবায়ন ও ইতালির ভিসা করে দেওয়ার আশ্বাস দেন। ভিসাও পান তিনি। তবে ফ্লাইটের নির্ধারিত দিনে বিমানবন্দরে গিয়ে জানতে পারেন ভিসা ‘জাল’।

শুধু ওই নারী নন, এমনি করে অসংখ্য প্রতারণার ঘটনা ঘটিয়েছেন নাজমুল হাসান নামে ওই ব্যক্তি। ২০ জুলাই (সোমবার) রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে নাজমুল হাসানসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় এদের কাছ থেকে ৫৬টি পাসপোর্ট, ১৫৩টি বিভিন্ন সরকারি-বেসরকারি ও বিদেশি প্রতিষ্ঠানের সিল, একটি এম্বোস সিল, তিনটি সিপিইউ, একটি ল্যাপটপ এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. বেলায়েত হোসেন (৪০), নাজমুল হাসান (১৯), মেহেদী হাসান (৩৭), মো. সোলাইমান সুমন (৩২), ফজলে রাব্বী (২৭), মো. তৌহিদুর রহমান (২৪) এবং কাওসার হোসেন (৪২)।

আজ মঙ্গলবার সিআইডির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, নাজমুল হাসানসহ গ্রেপ্তার ৭ জন মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। ইতালিপ্রবাসীর স্ত্রীকে জাল ভিসা দেওয়ার অভিযোগে গুলশান থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে।

সিআইডি আরও জানায়, মামলার বাদীর স্বামী দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। স্বামী ও চার সন্তানকে নিয়ে ইতালিতে যাওয়ার উদ্দেশে বাদী ইতালির দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন। পরে পাসপোর্টের মেয়াদ শেষ হলে দূতাবাস থেকে নবায়নের পরামর্শ দেওয়া হয়। এ সময় অভিযুক্ত নাজমুল হাসান নিজেকে দ্রুত পাসপোর্ট নবায়ন ও ইতালির ভিসা করে দেওয়ার সক্ষম ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে তাঁকে গুলশানের একটি ট্রাভেল এজেন্সিতে নিয়ে যান। ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট নবায়ন করার আশ্বাসও দেন অভিযুক্ত নাজমুল। সেখানে প্রতিষ্ঠানটির প্রধান বেলায়েত হোসেন ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার সঙ্গে আর্থিক চুক্তি করেন।

চুক্তি অনুযায়ী বাদী অভিযুক্তদের ব্যাংক হিসাবে দুই দফায় মোট ৪ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেন। পরে তিনি পাসপোর্ট ফিরে পান। একপর্যায়ে প্রবাসী স্বামী তার স্ত্রী-সন্তানদের নিয়ে ইতালিতে যাওয়ার উদ্দেশে একটি ফ্লাইটের টিকিট বুকিং করেন। কিন্তু নির্ধারিত তারিখে সন্তানদের নিয়ে ইতালি যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান, তার পাসপোর্টে থাকা ইতালির ভিসা ব্যবহার করে এরই মধ্যে অন্য এক নারী চলতি বছরের ২৪ এপ্রিল ইতালিতে চলে গেছেন।

এ ঘটনায় হতবাক বাদী ইমিগ্রেশন কর্তৃপক্ষের পরামর্শে সিআইডির মানবপাচার শাখায় অভিযোগ করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পেরেছে, চক্রটি বিদেশে যাওয়ার আগ্রহী ব্যক্তিদের টার্গেট করে ইতালির ভিসা ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করত। বিভিন্ন কৌশলে ভুক্তভোগীদের পাসপোর্ট সংগ্রহ করে পরে তাদের পাসপোর্ট নিজেদের হেফাজতে রেখে জালিয়াতির মাধ্যমে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য ব্যক্তিকে বিদেশে পাঠানো হতো।

তদন্তে আরও জানা গেছে, চক্রের মূল হোতা বেলায়েত হোসেন ২০১৬ সাল থেকে একই কৌশলে প্রায় ৩০ জনকে ইতালিতে পাঠানোর সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া একই ধরনের অপরাধের অভিযোগে ২০২৪ সালে বিমানবন্দর থানায় দায়ের হওয়া একটি মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন এবং মামলাটি বিচারাধীন।

সিআইডি জানিয়েছে, জব্দ করা পাসপোর্ট, সিল, কম্পিউটারসহ অন্যান্য আলামতের ফরেনসিক পরীক্ষা চলছে। পাশাপাশি অভিযুক্তদের আর্থিক লেনদেন, দেশি-বিদেশি সহযোগী এবং সম্ভাব্য আরও ভুক্তভোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৮৬ মামলা, ডাম্পিং ৩৯৪ যানবাহন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৪৯ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-মদ উদ্ধার

নবাবগঞ্জে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

খিলগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যুবকের মৃত্যু