ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইল পাঠিয়ে চাঁদা দাবি ও হুমকির ঘটনাকে ‘ভুয়া গ্রুপের কাজ’ বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
বিভিন্ন দূতাবাসে ই-মেইলের মাধ্যমে চাঁদা চেয়ে হুমকির বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘ইন্টারনেটের মাধ্যমে এই গ্রুপ কাজ করছে। এটি একটি ভুয়া গ্রুপ। ই-মেইলে যেসব বিকাশ নম্বর দেওয়া হয়েছে, তার সূত্র ধরে তিন-চারজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু তারা কিছুই জানে না। তারা সম্পূর্ণ নির্দোষ। এ ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই।’
ঠিক কতটি দূতাবাসে এ ধরনের ই-মেইল পাঠানো হয়েছে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, তিন-চারটি দূতাবাসের পাশাপাশি সরকারি কয়েকটি দপ্তরেও চাঁদা চেয়ে ই-মেইল পাঠানো হয়েছে।
এটি নিছক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ধারণা, এটি পূর্বশত্রুতা বা দেশের ভাবমূর্তি (ইমেজ) নষ্ট করার জন্য করা হয়েছে। সরকারকে বিব্রত করার জন্যও এটি করা হতে পারে।’
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। যেকোনো ঘটনা ঘটলেই সেটি আমরা গুরুত্বের সঙ্গে দেখি। আমরা আশাবাদী যে দ্রুতই এর রহস্য উদ্ঘাটন করব। যারা এর সঙ্গে জড়িত, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।’