হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, আটক ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

ডিবি পুলিশ পরিচয়ে আটক দুই ছিনতাইকারী। ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক গাড়িচালকের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িচালককে আটক করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে বলে তাঁদের সঙ্গে যেতে চাপ দেন তাঁরা। গাড়িচালক যেতে অস্বীকৃতি জানালে তাঁর পকেট থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেওয়া হয়।

ঘটনাটি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে ওই দুই ব্যক্তিকে আটক করেন। পরে কেরানীগঞ্জ মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, থানায় জিজ্ঞাসাবাদের সময় আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করার কথা জানান। এ সময় তাঁরা কয়েকজন ডিবি পুলিশ সদস্যের নামও উল্লেখ করেন।

স্থানীয়দের অভিযোগ, কদমতলী এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে নিরীহ মানুষের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা প্রায়ই ঘটে। এলাকায় ডিবি কার্যালয় থাকায় সাধারণ মানুষ তাঁদের প্রকৃত ডিবি পুলিশ মনে করে ভয়ে প্রতিবাদ করেন না বলেও দাবি স্থানীয়দের।

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আশফাক রাগীব হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। বর্তমানে তিনি ছুটিতে আছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখবেন।

কেরানীগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. মামুন জানান, ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইয়ের সময় স্থানীয় বাসিন্দা দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।