হোম > সারা দেশ > ঢাকা

যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

কেরানীগঞ্জে আয়োজিত ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

যুবসমাজকে ধ্বংসের লক্ষ্যেই ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে দেশে মাদক ঢোকানো হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘মাদকের লাগাম টেনে ধরতে না পারলে দেশের যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে টুকু এসব কথা বলেন। ‘মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্যে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মাদকের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানবিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যাশার কথা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মানুষের দুঃখ-কষ্টকে গুরুত্ব দিয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মগুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থার কথা তুলে ধরেন তিনি।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলার ক্রাইম অপস ও ট্রাফিক দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্কাউট শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।