ঢাকার ধামরাইয়ে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুবকর সিদ্দিক (২৬) নামে এক কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুবকর সিদ্দিক নেত্রকোনা জেলার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রীরামপুর এলাকায় ঢাকামুখী ‘একেএইচ ইকো অ্যাপারেলস’-এর একটি স্টাফ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরিচাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আবুবকর সিদ্দিকের মৃত্যু হয়।
খবর পেয়ে মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানা-পুলিশ ও ধামরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পরপরই ঢাকা-আরিচা মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যাতায়াত স্বাভাবিক হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জয়নুল বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়েছেন, তাঁকে আটকের চেষ্টা চলছে।