হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ ঘটনা ঘটে।

ঢাকার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন আজ শনিবার বিকেলে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

নিহত ব্যক্তি ছেকেন্দার হাওলাদারের বয়স আনুমানিক ৫৫ বছর। তাঁর পরনে ছিল নীল রঙের শার্ট ও সাদা পায়জামা।

রেলওয়ে থানা-পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ওই ব্যক্তিকে কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আবদুল কাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতালে নেওয়া ব্যক্তি আবদুল কাদের জানান, রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইন পার হওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে আরেক পথচারীর সহায়তায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল।