রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকার একটি বাসার তিনতলা ছাদে গোসল করার সময় বিদ্যুতায়িত সজল ইসলাম আলিফ (১০) নামের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।
পড়ে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আলিফের মামা ইয়াছিন হোসেন লিটন জানান, তাঁদের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জারচড় গ্রামে। আলিফের বাবা খায়রুল মিয়া গ্রামে কৃষি কাজ করে। সজল গ্রামের একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত। এক ভাই এক বোনের মধ্যে আলিফ ছিল ছোট।
লিটন আরও জানান, আলিফ বাবা-মার সঙ্গে গ্রামের বাড়িতে থাকেন। গতকাল বাবা-মার সঙ্গে ঢাকায় আমাদের বাসায় বেড়াতে আসে। আজকে দুপুরে আলিফ তাঁর বড় বোন বৃষ্টি আক্তার ও খালা স্বপ্না আক্তারের সঙ্গে তিনতলার ছাদে বৃষ্টিতে গোসল করতে যায়। ছাদে থাকা গ্যাসের পাইপের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয় আলিফ। এ সময় আলিফের খালা স্বপ্না আলিফকে বাঁচাতে গেলে সেও আহত হন। পরে আলিফের বাবা খায়রুল বাঁশ দিয়ে ছাড়িয়ে আনে। হাসপাতালে নিয়ে আসলে মারা যায় আলিফ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, আলিফের মরদেহ মর্গে রাখা হয়েছে।