মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন প্রক্রিয়ায় ২০২৪ সালে দেশটিতে যেতে না পারা কর্মীদের অগ্রাধিকার দেওয়ার দাবি উঠেছে। এ দাবিতে আজ রোববার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন কয়েক শ কর্মপ্রত্যাশী। মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ নিশ্চিত করতে তাঁরা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। তাঁদের দাবি, বৈধ ভিসা ও বহির্গমন ছাড়পত্র থাকার পরও ২০২৪ সালে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের নতুন করে শ্রমবাজার চালুর প্রক্রিয়ায় অগ্রাধিকার দিতে হবে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এসব কর্মীর বিদেশে যাওয়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় প্রবেশের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে বৈধ ভিসা ও বহির্গমন ছাড়পত্র থাকা সত্ত্বেও ১৬ হাজার ৯৭০ জন বাংলাদেশি কর্মী দেশটিতে যেতে পারেননি। বিক্ষোভকারীদের দাবি, তাঁদের মধ্যে কয়েক শ কর্মী পরবর্তী সময়ে মালয়েশিয়ায় যেতে সক্ষম হলেও এখনো হাজারো কর্মী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
এদিকে, দীর্ঘ বিরতির পর বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশ সম্প্রতি একমত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি ব্যবস্থাপনায় শূন্য অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ডিসেম্বরের আগে এ প্রক্রিয়ায় কর্মী পাঠানো শুরুর লক্ষ্য রয়েছে। প্রথম পর্যায়ে ১১২ জন পুরুষ কর্মী পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।
সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক।