হোম > সারা দেশ > ঢাকা

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে বর্ণাঢ্য আয়োজন, র‍্যালি

ঢাবি প্রতিনিধি

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বাংলাদেশ আদিবাসী ফোরামের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিকদের সাংবিধানিক ও আইনগত স্বীকৃতি, ভূমির অধিকার এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা।

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাহাড় ও সমতলের বিভিন্ন ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর মানুষ শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। অনেকে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেন। পরে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যালির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, গত তিন দশক ধরে এ জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চলছে।

বাংলাদেশে প্রায় ৪০ লাখের বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রকে তাদের ভাষা, পরিচয়, ভূমি, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অধিকার রক্ষায় সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।’

সঞ্জীব দ্রং আরও বলেন, ‘বিভিন্ন জাতিগোষ্ঠীর সহাবস্থানের কারণে বাংলাদেশ ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্যে সমৃদ্ধ। এই বৈচিত্র্য দেশের শক্তি। তাই উন্নয়নের নামে আদিবাসীদের ভূমি দখল ও উচ্ছেদ বন্ধের পাশাপাশি তাদের ভূমি ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে হবে।’

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বলেন, ‘বাংলাদেশ বহু ভাষা, বহু সংস্কৃতি ও বহু জাতিসত্তার দেশ। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরও আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার, ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রশ্নে নানা সংকট ও বৈষম্যের মুখোমুখি।’

পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘চুক্তির প্রায় ৩০ বছর অতিক্রান্ত হতে চললেও এর পূর্ণাঙ্গ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। আইএলও কনভেনশন ১০৭-এর যথাযথ বাস্তবায়নের পাশাপাশি কনভেনশন ১৬৯ অনুসমর্থনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আদিবাসী দিবস শুধু আদিবাসীদের জন্য নয়, বরং ভূমিহীন, অধিকারবঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার ও মর্যাদার প্রতীক। পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।’

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য সমাবেশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

টিআইবি পরিচালক বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানাই।’

মানবাধিকার ও নারী অধিকারকর্মী খুশী কবির বলেন, ‘প্রতিবছর এই দিবস পালনের মাধ্যমে রাষ্ট্রকে স্মরণ করিয়ে দিতে হয় যে, বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠী রয়েছে এবং তাদের নিজস্ব অধিকার, পরিচয় ও মর্যাদা রয়েছে। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তাদের স্বতন্ত্র জাতিসত্তার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভূমির ওপর তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে।’

সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন বলেন, ‘কল্পনা চাকমা অপহরণসহ দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন নির্যাতনের ঘটনার বিচার এখনো ঝুলে আছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে আদিবাসীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নেই। শিক্ষা ও কর্মসংস্থানে আদিবাসী কোটা পুনর্বহাল প্রয়োজন।

লেখক ও সাংবাদিক সোহরাব হাসান বলেন, ‘যে রাষ্ট্র আদিবাসী শব্দটি বলতে ভয় পায়, সে রাষ্ট্র তাদের ভূমি, পানি ও অন্যান্য অধিকার নিশ্চিত করবে—এমনটা বিশ্বাস করা কঠিন। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।’

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘আদিবাসীদের জায়গাজমি দখল, ভাষা ও সংস্কৃতি বিলীন হয়ে যাওয়া এবং মৌলিক উন্নয়নের ঘাটতি থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত পদক্ষেপ নেওয়া হয়নি। আদিবাসীদের ভূমি, সুপেয় পানি ও বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, লেখক ও গবেষক ইশিতা দস্তিদার, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মাহাতোসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

সমাবেশ থেকে আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং এ লক্ষ্যে সময়সূচিভিত্তিক রোডম্যাপ ঘোষণা, সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আদিবাসীদের সম্পর্কে বিকৃত বা মিথ্যা তথ্য প্রচার বন্ধ, তাদের ওপর সব ধরনের নিপীড়ন-নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার, জাতিসংঘের আদিবাসীবিষয়ক ঘোষণাপত্র ও আইএলও কনভেনশন ১৬৯ অনুসমর্থন এবং কনভেনশন ১০৭ বাস্তবায়ন, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্‌যাপন এবং সমতল ও পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জন্য ৫ শতাংশ সংরক্ষিত কোটা যথাযথভাবে চালু ও বাস্তবায়নের দাবি জানানো হয়।

আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে পাহাড় ও সমতলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন। র‍্যালিতে ‘আমাদের ভূমি, আমাদের অধিকার’, ‘অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে হবে’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকর করতে হবে’সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। পরে শহীদ মিনারে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

পৌর বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধানে বাপার ৬ দফা সুপারিশ

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে

সহপাঠীর ওপর হামলার বিচার চেয়ে জবিতে বিক্ষোভ, প্রশাসনের বাধা

রাজধানীতে বাসার সামনে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শিশু নিহত

ঢাকা মেডিকেলে ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগ

মোহাম্মদপুরে আগুনে পুড়ে ছাই ফাস্ট ফুডের দোকান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: আবাসনের অপেক্ষা বাড়ছেই

গাবতলীতে মাছবাহী গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ১