হোম > সারা দেশ > ঢাকা

পয়লা বৈশাখ ঘিরে কোনো হুমকি নেই, শোভাযাত্রা সকাল ৯টায়: ডিএমপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নববর্ষ উপলক্ষে নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারোয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: আজকের পত্রিকা

পয়লা বৈশাখ উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীতে কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় শুরু হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

‎আজ রোববার বিকেলে রমনা পার্কের বটমূলে নববর্ষ উপলক্ষে আয়োজিত নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারোয়ার এসব তথ্য জানান। তিনি বলেন, ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বিপুল মানুষের সমাগম হবে। তাই সবার নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে পুরো ঢাকাকে ৯টি সেক্টর ও ১৪টি সাব-সেক্টরে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।‎

‎নিরাপত্তার স্বার্থে রমনা পার্ক ও আশপাশের এলাকায় মুখোশ পরা, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ফানুস, আতশবাজি এবং শব্দদূষণ সৃষ্টি করে এমন বাঁশি ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রতিটি এলাকায় ইউনিফর্ম ও সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল টিম দিয়ে আগাম তল্লাশি চালানো হবে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪টি প্রবেশপথে ব্যারিকেড বসানো হবে এবং আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে দর্শনার্থীদের তল্লাশি করা হবে।‎

‎নিরাপত্তা জোরদারে সিসিটিভি, ভিডিও ও স্টিল ক্যামেরা, ড্রোন নজরদারি চালু থাকবে। এছাড়া পর্যবেক্ষণ টাওয়ার ও আশপাশের ভবনের ছাদে বিশেষ বাহিনী মোতায়েন থাকবে।‎

‎ইভটিজিং, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে সাদা পোশাকে বিশেষ টিম কাজ করবে। অনিয়ন্ত্রিত হকার প্রবেশ ঠেকাতেও থাকবে নজরদারি। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।‎

নববর্ষ উপলক্ষে রমনায় আয়োজিত নিরাপত্তা মহড়া। ছবি: আজকের পত্রিকা

‎রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সকাল ৬টা ১৫ মিনিট থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত চলবে। নির্ধারিত গেট দিয়ে প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা থাকবে, যেখানে নারী-পুরুষ ও শিল্পীদের জন্য আলাদা প্রবেশপথ রাখা হয়েছে।‎

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার উদ্যোগে সকাল ৯টায় শুরু হবে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলায় এসে শোভাযাত্রা শেষ হবে। পুরো রুট কঠোর নিরাপত্তার আওতায় থাকবে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সব অনুষ্ঠান শেষ করতে হবে। বিকেল ৫টার পর রমনা পার্কে প্রবেশ বন্ধ থাকবে; শুধুমাত্র বের হওয়ার জন্য গেট খোলা থাকবে।‎

‎পয়লা বৈশাখের দিন ভোর ৫টা থেকে শাহবাগ ও আশপাশ এলাকায় যান চলাচলে ডাইভারশন দেওয়া হবে। বাংলামোটর, কাকরাইল, হাইকোর্ট, নীলক্ষেতসহ ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যারিকেড থাকবে। নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।‎

‎জরুরি সেবার জন্য নির্ধারিত স্থানে পার্কিং সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম এবং নৌ-পুলিশের ডুবুরি দল প্রস্তুত থাকবে।‎

‎ডিএমপি কমিশনার জানান, পয়লা বৈশাখ ঘিরে কোনো নির্দিষ্ট হুমকি নেই, তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, কোনো সন্দেহজনক কিছু দেখলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা ডিএমপি কন্ট্রোল রুমে জানানোর অনুরোধ করা হচ্ছে।

ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রাজধানীজুড়ে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

কালশী বস্তিতে আগুন: প্রাথমিক তদন্তে নাজমুলের সম্পৃক্ততা মিলেছে, কারাগারে পাঠিয়েছেন আদালত

আদ-দ্বীন হাসপাতাল: ময়নাতদন্ত ছাড়াই ৬ নবজাতকের মরদেহ হস্তান্তর, মামলা প্রক্রিয়াধীন

শেষ মুহূর্তে বিক্রির চাপে ব্যাপারীরা, দাম কমার অপেক্ষায় ক্রেতারা

বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশু ব্যবসায়ীরা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু: দুই যমজ সন্তান হারিয়ে বাক্‌রুদ্ধ মা-বাবা

আদ-দ্বীন হাসপাতালে আতঙ্ক, রোগী সরিয়ে নিচ্ছেন স্বজনেরা

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: ভেন্টিলেশনহীন ‘দমবন্ধ’ পরিবেশ নিয়ে ক্ষোভ