পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় ছয়তলা একটি পুরোনো ভবনের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় পাঁচ ঘণ্টা লেগেছে ফায়ার সার্ভিসের। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো যায়নি। সরু সিঁড়ি, পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব এবং গুদামে দাহ্য পদার্থ গাদাগাদি করে রাখায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকর্মীদের।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটের দিকে ভবনটির চতুর্থ তলার একটি গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
পরে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১-এর জোন কমান্ডার মোহাম্মদ এনামুল হক। তিনি বলেন, গুদামটিতে বিপুল পরিমাণ প্লাস্টিক, রাবার ও বৈদ্যুতিক পণ্য গাদাগাদি করে রাখা হয়েছে। মালামাল সংরক্ষণের কোনো নিয়ম বা ‘স্টোর রুলস’ মানা হয়নি।
এনামুল হক বলেন, ভবনটিতে মাত্র একটি সরু সিঁড়ি থাকায় এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় ভেতরে জমে থাকা ধোঁয়া ও তাপ বের হতে পারছে না। এ কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়েছে।
এনামুল হক আরও বলেন, আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে চেষ্টা করা হয়েছে। তবে গুদামে প্লাস্টিক, রাবার ও বিভিন্ন বৈদ্যুতিক পণ্য থাকায় স্পার্ক ও ধোঁয়ার মধ্যে কাজ করতে সমস্যা হচ্ছে। পর্যায়ক্রমে মালামাল ও কার্টন সরিয়ে ভেতরে প্রবেশ করে আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা চলছে।
এ এলাকায় অগ্নিনিরাপত্তা সচেতনতা বাড়াতে আগেও মহড়া চালানো হয়েছে বলে জানান এনামুল হক। তাঁর ভাষ্য, ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ দেওয়া হয়েছে। আগুন লাগলে কী করণীয়, কীভাবে খবর দিতে হবে এবং নিয়ম মেনে মালামাল সংরক্ষণের বিষয়ে স্থানীয়দের বারবার পরামর্শ ও সতর্ক করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে এনামুল হক বলেন, তদন্তের পর তা জানানো হবে।
এর আগে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তারও পাঁচটি ইউনিটের কাজ করার বিষয়টি নিশ্চিত করেন।
ছোট কাটরা এলাকায় পাইকারি পণ্য সংরক্ষণ ও বিক্রির জন্য অসংখ্য গুদাম রয়েছে। এসব গুদামে ভ্যানিটি ব্যাগ, জুয়েলারি, প্লাস্টিকের খেলনা, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য মজুত করা হয়।
এর আগে গত ১২ অক্টোবর একই এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন বিকেল ৫টার দিকে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। ওই ভবনের বিভিন্ন গুদামে প্লাস্টিক ও জুয়েলারি সামগ্রী মজুত ছিল। আগুনে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।