রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ রোববার রাত ৮টার পর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আনোয়ারুল ইসলাম বলেন, বংশাল চৌরাস্তা এলাকার মুকিম বাজারে একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় থাকা হেলমেটের গোডাউনে আগুন লাগে। সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর চার মিনিট পর ৬টা ৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।