হোম > সারা দেশ > ঢাকা

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩

ঢামেক প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তবে কারও নাম-পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগান বাজার এলাকায় একটি ১০ তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। সাড়ে ৮ টার দিকে আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ফ্ল্যাটটির গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধদের উদ্ধার করে দ্রুত ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে কাঁঠালবাগান এলাকার অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ৫ জন রোগী চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, দগ্ধ ৫ জনের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহত প্রত্যেক রোগীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।