হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে যুবককে কুপিয়ে জখম, গুলির খোসা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকায় সানাউল্লাহ (২৫) নামে এক যুবককে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের কাদিরের সিএনজি অটোরিকশার গ্যারেজের গলিতে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘টোকাই সুজন গ্রুপের’ হাসনাইন, হাসিব ও নূরুসহ ছয় থেকে সাতজন এ হামলায় জড়িত। তারা সানাউল্লাহকে গুলি করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত সানাউল্লাহর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গয়সা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম বকুল আক্তার।

খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা ও একটি বুলেটের অংশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, টোকাই সুজন গ্রুপের সদস্যরা তাঁকে কুপিয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, তাঁরা হাতিরঝিলে একজনকে কোপানোর ঘটনার কথা জানতে পেরেছেন। তবে গুলির বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের দল পাঠানো হয়েছে।