হোম > সারা দেশ > ঢাকা

মেয়েকে রক্ষায় ছুটে এসে গুলিবিদ্ধ বাবার পা কেটে ফেলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

মেয়ের বাড়িতে হামলার খবর পেয়ে তাঁকে রক্ষা করতে ছুটে গিয়েছিলেন বাবা আলম মিয়া (৬৫)। কিন্তু পথে গুলিবিদ্ধ হয়ে হারাতে হলো তাঁর একটি পা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পা কেটে ফেলতে হয়েছে। গত শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে গুলিবিদ্ধ হন আলম মিয়া। আলম মিয়া রাজেন্দ্রপুরের নোয়াদ্দা এলাকার বাসিন্দা এবং হাজি নূরে আলমের শ্বশুর। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর কুয়েতে প্রবাসী ছিলেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শনিবার গভীর রাতে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার নির্দেশে তাঁর ছোট ভাই তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লা ওরফে পায়েল এবং তাঁদের খালাতো ভাই নিরব, শওকতসহ ২০ থেকে ৩০ জনের একটি দল হাজি নূরে আলমের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা পাঁচ কোটি টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ পরিবারের।

এ ছাড়া হাজি নূরে আলম ও তাঁর দুই ছেলেকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তাঁরা প্রাণে বেঁচে যান। বাড়িতে হামলার খবর পেয়ে মেয়েকে রক্ষা করতে যাওয়ার পথে আলম মিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়েন ছাত্রদল নেতা আবির মোল্লা পায়েল—এমন অভিযোগ করেছেন তাঁর মেয়ে পারভীন বেগম। এতে আলম মিয়ার পায়ে দুটি গুলি লাগে।

পারভীন বেগম বলেন, ‘আমার বাবা একজন সাধারণ মানুষ। দীর্ঘদিন কুয়েতে ছিলেন। মেয়ের বিপদের খবর শুনে ছুটে এসেছিলেন। তাঁর কী অপরাধ ছিল? কেন তাঁকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া হলো?’

আলম মিয়ার নাতি লিউন বলেন, ‘আমার নানা প্রায় ৩০ বছর কুয়েতে ছিলেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তাঁর কী অপরাধ ছিল যে একটি পা হারাতে হলো? আমরা সরকারের কাছে এ ঘটনায় জড়িতদের বিচার চাই।’

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজেন্দ্রপুরে তেঘরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজি নূরে আলমের বাড়িতে হামলার সময় দুটি গাড়িতেও আগুন দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লা পায়েলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার এখনো কোনো মামলা করেনি। তারা মামলা করতে এলে অবশ্যই তা নেওয়া হবে।