ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা-৪১৬ উৎসব’
ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মাসব্যাপী হৃদয়ে ঢাকা-৪১৬ উৎসবের অংশ হিসেবে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ২২ থেকে ২৮ আগস্ট পর্যন্ত রাজধানীর মতিঝিলে ‘মধুমিতা সিনেমা হলে’ এই উৎসব চলবে। এতে ঢাকাই চলচ্চিত্রের সূচনালগ্ন থেকে বাছাই করা ১৩টি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসব উপলক্ষে আজ বুধবার রাজধানীর মধুমিতা সিনেমা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ ছাড়াও বিশিষ্ট অভিনয়শিল্পী দিলারা জামান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী (শিবা শানু), মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপক ইফতেখার উদ্দিন নওশাদসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৮ জন প্রবীণ ও নবীন শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, গীতিকার, সিনেমাটোগ্রাফারসহ বিশিষ্ট কুশলীদের সম্মাননা দেওয়া হবে। শহরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, চলচ্চিত্রের মাধ্যমে ঢাকার সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা এবং নতুন প্রজন্মকে নগর সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২২ আগস্ট শনিবার বিকেল ৪টায় মধুমিতা সিনেমা হলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
প্রথম দিন: ২২ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে আব্দুল জব্বার খানের ‘মুখ ও মুখোশ’।
দ্বিতীয় দিন: ২৩ আগস্ট বিকেল ৩টায় খান আতাউর রহমানের ‘নবাব সিরাজদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় বশির হোসেনের ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’ প্রদর্শিত হবে।
তৃতীয় দিন: ২৪ আগস্ট বিকেল ৩টায় দেখানো হবে জহির রায়হানের ‘জীবন থেকে নেওয়া’ এবং সন্ধ্যা ৬টায় গাজী মাজহারুল আনোয়ারের ‘নান্টু ঘটক’।
চতুর্থ দিন: ২৫ আগস্ট বিকেল ৩টায় আজিজুর রহমানের ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় জহিরুল হকের ‘রংবাজ’ প্রদর্শিত হবে।
পঞ্চম দিন: ২৬ আগস্ট বিকেল ৩টায় সুভাষ দত্তের ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় অশোক ঘোষের ‘নাচের পুতুল’ প্রদর্শনী হবে।
ষষ্ঠ দিন: ২৭ আগস্ট বিকেল ৩টায় এহতেশামের ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে শেখ নিয়ামত আলী নির্মিত চলচ্চিত্র ‘দহন’।
সপ্তাহব্যাপী উৎসবের শেষ দিনে ২৮ আগস্ট বিকেল ৩টায় দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় কাজী জহিরের ‘বধু বিদায়’ প্রদর্শনের মধ্য দিয়ে চলচ্চিত্র প্রদর্শনী শেষ হবে।
ঢাকা প্রতিষ্ঠার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ডিএসসিসি মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ কর্মসূচিতে চলচ্চিত্র উৎসবের পাশাপাশি সাইকেল র্যালি, ম্যারাথন, বৃক্ষমেলা, মঞ্চনাটক, সাঁতার, নৌকাবাইচ এবং নগর পরিচ্ছন্নতা অভিযানের মতো বিভিন্ন নাগরিক আয়োজন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।