হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ২

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে বাউনিয়াবাদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জনি (২৮) ও মো. পারভেজ (৩১)। এ সময় বাবু নামের তাঁদের এক সহযোগী দৌড়ে পালিয়ে যান।

ডিবি মিরপুর বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউনিয়াবাদ আবাসিক এলাকায় কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছেন বলে জানতে পারে ডিবির একটি দল। পরে সেখানে অভিযান চালিয়ে জনি ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে জনির কোমর থেকে একটি সচল ৯ এমএম বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ওই ম্যাগাজিনে ৯ এমএম পিস্তলের পাঁচটি গুলি ছিল। আর পারভেজের প্যান্টের পকেট থেকে একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এতে কেএফ ৭.৬৫-এর তিনটি গুলি পাওয়া যায়।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, পলাতক বাবুর কাছে আরও একটি অস্ত্র রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় দখলদারত্ব ও আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত। এরই ধারাবাহিকতায় অস্ত্র নিয়ে তাঁরা ওই এলাকায় অবস্থান করছিলেন।

এ ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক বাবুকে গ্রেপ্তার ও তাঁর কাছে থাকা অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।