রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি আগারগাঁও মেট্রো স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী সড়কে জর্দার কৌটায় তৈরি একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটাটি উদ্ধার করা হয়েছে।