হোম > সারা দেশ > ঢাকা

ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আজিমপুরে যুবক গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে রাফিদ শিকদার নামে এক যুবককে গ্রেপ্তার করে র‍্যাব। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে পর্নোগ্রাফি মামলার একমাত্র এজাহারনামীয় আসামি রাফিদ শিকদারকে (২৮) রাজধানীর আজিমপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

সোমবার (৩১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে র‍্যাব জানায়, ভুক্তভোগীর সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে রাফিদ শিকদার বিভিন্ন সময় যোগাযোগ ও কথাবার্তা বলতেন। একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে রাখেন তিনি। পরে এসব ছবি ও ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে মানসিক চাপ সৃষ্টি এবং টাকা দাবি করেন। টাকা না দিলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।

ভুক্তভোগী তাঁকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করলেও রাফিদ তাঁর দাবি অব্যাহত রাখেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান ভুক্তভোগী। গত ১১ এপ্রিল রাত ৯টা থেকে ১০টার মধ্যে রাফিদ আবারও ভয়ভীতি ও হুমকি দিয়ে আগে ধারণ করা ব্যক্তিগত ছবি ও ভিডিও ভুক্তভোগীকে পাঠান বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারে র‍্যাব-১০-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে।

র‍্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি দল গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাফিদ শিকদারকে গ্রেপ্তার করে। রাফিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।