হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশ দেখে চলে গেল মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মজুরি বোর্ডের আলোচনা সভা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর মিরপুর-১০ নম্বরে বিক্ষোভ করেন তৈরি পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

ন্যূনতম মজুরি নির্ধারণ বোর্ডের তৃতীয় আলোচনা সভা স্থগিতের প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা দিকে মিরপুর-১১ নম্বর থেকে ৪০০-৪৫০ শ্রমিক মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে যান। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা মিছিল নিয়ে মিরপুর-১৩ নম্বরের দিকে চলে যান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে শ্রমিকেরা সড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে সকাল ১০টা থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর পর সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে মিরপুর-১১ মেট্রো স্টেশন এলাকায় পল্লবী এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ছোট দুটি মিছিল করতে দেখা যায়।

মজুরি বোর্ডের আলোচনা সভা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর মিরপুর-১০ নম্বরে বিক্ষোভ করেন তৈরি পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

সংশ্লিষ্ট সূত্রের দাবি, শ্রমিকেরা বিক্ষোভে রাস্তায় নামলেও এতে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কাউকে কোনো ইন্ধন দেখা যায়নি। আগের বিক্ষোভের তুলনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও দৃঢ়তা কম ছিল। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশকেও উল্লেখযোগ্য বল প্রয়োগ করতে হয়নি।

মজুরি বোর্ডের আলোচনা সভা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর মিরপুর-১০ নম্বরে বিক্ষোভ করেন তৈরি পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

সকাল ১০টা ৪০ মিনিটে পাওয়া তথ্যানুযায়ী, মিরপুর-১০, ১১, ১২, ২ নম্বর ও পল্লবী এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে মিরপুর-১৩ এলাকায় কয়েকটি পোশাক কারখানা থাকায় সেখানে শ্রমিকেরা আবারও সংগঠিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।