হোম > সারা দেশ > ঢাকা

বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় সাভারে এসআইকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে এক বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপ-পরিদর্শককে (এসআই) পিটিয়ে গুরুতর আহত করার কয়েক ঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে আমিনবাজারের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম মো. আলতাফ হোসেন (৫৮)। তিনি ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামে। তাঁর বাবার নাম জুরান আলী। পরিবার নিয়ে তিনি সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁকে ও তাঁর রিকশাকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে কয়েকজন যুবক নেমে ওই রিকশাচালককে মারধর শুরু করেন।

ঘটনাটি দেখে আলতাফ হোসেন সেখানে এগিয়ে গিয়ে বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ করেন। এ সময় প্রাইভেট কারে থাকা চার থেকে পাঁচজন যুবক তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁরা আরও কয়েকজনকে ডেকে এনে আলতাফ হোসেনকে মারধর করেন। হামলায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন অচেতন অবস্থায় আলতাফ হোসেনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি সাইফুল আলম আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় আলতাফ হোসেনের ওপর হামলা করা হয়। তদন্ত শেষ হলে ঘটনার বিস্তারিত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।