ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের পাশের ফুটপাত থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স হবে আনুমানিক এক দিন।
বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে শাহবাগ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তারক কুমার হালদার জানান, রাতে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে এ এফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি ফুটপাতে মরদেহটি পাওয়া যায়। এ সময় মরদেহটি বাজারের একটি সাদা ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নবজাতকটি সেখানে ফেলে রেখে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।