হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নারীসহ দুজন আহত, ২০ কারখানা ছুটি

নিজস্ব প্রতিবেদক, সাভার

শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শুরু হওয়া এ বিক্ষোভে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে। এতে একজন নারী শ্রমিকসহ দুজন আহত হয়েছেন।

আহত শ্রমিকেরা হলেন আলমগীর হোসেন ও রাজিয়া বেগম। তাঁদের রাবার বুলেট লেগেছে বলে নিশ্চিত করেছে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। রাজিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রমিক, পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর আজ মঙ্গলবার থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এজ গ্রুপের সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান। এতে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে আশপাশের কারখানায় গিয়ে অন্য শ্রমিকদেরও বের হয়ে আসার আহ্বান জানান তাঁরা। এতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় নিশ্চিন্তপুর থেকে ছয়তলা পর্যন্ত এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানা ছুটির পর শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে কয়েকজন শ্রমিক আহত হন বলে জানা গেছে।

শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, আলমগীর হোসেন ও রাজিয়া বেগম নামের দুজন শ্রমিক রাবার বুলেটে আহত হয়ে তাঁদের হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। রাজিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর মাথায় রাবার বুলেট লেগেছে।

শ্রমিকেরা জানান, সরকার মজুরি বোর্ড গঠনের পর সাভার ও আশুলিয়ার শ্রমিকেরা আন্দোলন বন্ধ করে কাজে ফিরেছিলেন। তবে সুনির্দিষ্ট বেতন কাঠামো ঘোষণা না করায় অনেক কারখানায় অসন্তোষ ছিল। কয়েকটি কারখানায় শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ না করে বসে থাকতেন। তবে তাঁরা রাস্তায় নামেননি বা আন্দোলন করেননি। এর মধ্যে নিউ এজ গ্রুপের কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই তাঁরা আন্দোলনে নেমেছেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টুও একই ধরনের বক্তব্য দিয়েছেন।

আজকের শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ ও বিশৃঙ্খলা করছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ২০টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। এদিকে কারখানা ছুটি ঘোষণা করা হলেও জামগড়া এলাকার অন্তত দুটি কারখানার শ্রমিকেরা পুনরায় কারখানায় ঢুকে কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।