রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে (৫৫) গ্রেপ্তার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।
গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকার দিকে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি দল মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত এমদাদুল হক দাদুল সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।