তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন আফরোজা পরিবহনের একটি যাত্রীবাহী নাইট কোচের চালক। এ অবস্থায় কুমিল্লার দেবিদ্বারে সড়কের পাশে বাস উল্টে গিয়ে লিজা আক্তার (৩০) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভিড়াল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেন।
পুলিশ, যাত্রী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে কিশোরগঞ্জ থেকে প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে আফরোজা পরিবহনের একটি বাস। যাত্রাপথে কয়েকজন যাত্রী চালকের চোখে ঘুম লক্ষ্য করেন। অভিযোগ রয়েছে, চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বাসটি দ্রুতগতিতে চালাচ্ছিলেন। একপর্যায়ে বাসটি ভিড়াল্লা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।
ঘটনাস্থলেই নিহত হন লিজা আক্তার। তিনি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার দামপাড়া গ্রামের মীর করিমের স্ত্রী। চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন তিনি।
দুর্ঘটনার পর গুরুতর আহত সাতজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেবিদ্বার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন,`দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে চালক ক্লান্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বাস চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।'