হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় মসজিদ ও মন্দিরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

 কুমিল্লা প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় পাশাপাশি থাকা একটি মন্দিরের ভেতর ও একটি মসজিদের সামনে হাতবোমা (ককটেল) বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই মুসল্লি ও একজন পুরোহিত আহত হয়েছেন। আজ শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কালী গাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী, বাগানবাড়ি এলাকার সুজাত আলীর ছেলে আবদুল বারেক ও নজরুল ইসলামের ছেলে জিহাদ। তাঁদের চিকিৎসার জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও একজন সামান্য আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।

কেশব চক্রবর্তী জানান, সন্ধ্যায় তিনি ভক্তদের নিয়ে কালী গাছতলা মন্দিরে পূজা করছিলেন। এ সময় একটি বস্তু তাঁর কাছাকাছি এসে পড়ে। প্রথমে তিনি বিষয়টি গুরুত্ব দেননি এবং মনে করেছিলেন গাছ থেকে কিছু পড়ে থাকতে পারে। পরে সেটিকে ধাক্কা দিয়ে দূরে সরাতে গেলে বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন।

কেশব চক্রবর্তীর স্ত্রী ওমা চক্রবর্তী জানান, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে একটি বস্তু নিক্ষেপ করে দ্রুত চলে যায়। বস্তুটি থেকে ধোঁয়া উঠতে দেখে তিনি সেটিকে বোমা হতে পারে বলে স্বামীকে সতর্ক করেন। কিছুক্ষণের মধ্যেই সেটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলের পাশে একটি ব্যাগও ফেলে যায় দুর্বৃত্তরা।

আহত পথচারী আবদুল বারেক বলেন, ‘আমি মসজিদ থেকে বের হয়ে গেটের সামনে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ রাস্তার পাশে একটি ককটেল সদৃশ বস্তু বিস্ফোরিত হয়ে গায়ে এসে লাগে।’

কুমিল্লা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি শ্যামল সাহা বলেন, ‘সম্প্রীতির শহর কুমিল্লার শান্ত পরিবেশ নষ্ট করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাই।’

শ্যামল সাহা আরও বলেন, ‘মন্দিরের পুরোহিত আহত হওয়ার পর, দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় মন্দিরের পাশের মসজিদের ফটকের সামনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে দুই মুসল্লি আহত হন।’

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, খবর পেয়ে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান বলেন, ‘যারা নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উচ্ছৃঙ্খল পোস্ট দিয়ে দেশের সুন্দর পরিবেশ নষ্ট করতে চায়, তারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।’

আনিসুজ্জামান আরও বলেন, ‘আজ শনিবার মন্দিরে শনিপূজা চলছিল। ইফতারের পরপরই তিন ব্যক্তি এসে মন্দিরের কাছে একটি ককটেল নিক্ষেপ করে এবং একটি ব্যাগ ফেলে রেখে যায়। মন্দিরে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে পুরোহিত কিছুটা আহত হন।’

এসপি আনিসুজ্জামান বলেন, ‘দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় পাশের মসজিদের ফটকের সামনে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে মসজিদের ফটকে দাঁড়িয়ে থাকা দুজন মুসল্লিও আহত হন। ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। দুর্বৃত্তদের ফেলে যাওয়া ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আমাদের টিম আসছে। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমাদের টিম মাঠে কাজ করছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের একাদশ শ্রেণির কার্যক্রম স্থগিত

কুবি শিক্ষক অপহরণ: অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা

হোমনায় তিন খুন: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লার দেবিদ্বার: সময় বেঁধে দেওয়ার পরও দখলমুক্ত হয়নি ফুটপাত

স্ত্রী-সন্তান-ভাতিজা খুন: ১৫ দিনেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কিত জহিরুল

তিন দিনের আলটিমেটাম পেরিয়ে ছয় দিন, দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত হয়নি

ঢাকা-চট্টগ্রাম: মহাসড়কে ব্যাটারি রিকশা, বন্ধে হিমশিম পুলিশ

কুমিল্লার চৌদ্দগ্রাম: খাল খননের মাটি যাচ্ছে ইটভাটায়

কুমিল্লায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

দেবিদ্বারে হাসপাতালে প্রতারক চক্রের খপ্পরে পড়লেন মা, ২৭ দিনের শিশু অপহৃত