হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বেকারি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

মিয়ামী বেকারি নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড় আলমপুর (হালিমানগর) এলাকায় একটি বেকারি ও মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, অননুমোদিত ফ্লেভার ব্যবহার এবং একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের দুধের মোড়ক নকল করে নিজস্ব নামে বাজারজাত করার অভিযোগে মিয়ামী বেকারিকে এই জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় অধিদপ্তরের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং নমুনা সংগ্রহকারী মো. সাকিব উপস্থিত ছিলেন। অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে, স্বনামধন্য প্রতিষ্ঠানের দুধের মোড়ক নকল করে নিজস্ব নামে বাজারজাত করাসহ নানা অনিয়মে ওই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’