হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় পেট্রলভর্তি বোতলসহ ৬ জনকে আটক করে পুলিশে দিল জামায়াত-শিবির

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রতীকী ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতির অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলভর্তি বোতল ও টায়ারসহ ছয় যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল বুধবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার লাটিমি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার আলকরা ইউনিয়নের ডেকরা গ্রামের কাজী জামালের ছেলে কাজী মনা (২০), ছিনাইমুড়ি গ্রামের বাবুলের ছেলে মো. হাসান (২০) ও একই গ্রামের মৃত শহিদের ছেলে মো. সজীব (২০), আলকরা ইউনিয়নের আশফালিয়া গ্রামের সাইফ উদ্দিন ভূঁইয়ার ছেলে ইলহাম (১৫) এবং ফেনী জেলার শান্তি কোম্পানি রোডের শরীফ উদ্দিনের ছেলে আল আমিন (২০) ও আলমগীর হোসেনের ছেলে আল আমিন (১৬)।

ওসি আরিফ হোসাইন জানান, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা নিয়ে ছয় যুবক গতকাল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমি এলাকায় পেট্রল ও টায়ার নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় শিবিরের কর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশকে জানিয়েছেন।