কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলীম মাদ্রাসার এক ছাত্রীকে ওই মাদ্রাসার শিক্ষক আলমগীর হোসেন অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (২০ জুন) এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা।
অভিযোগে ছাত্রীর মা উল্লেখ করেন, তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা। তাঁর ১৫ বছর বয়সী মেয়ে গোপালনগর মহিলা আলিম মাদ্রাসায় পড়ে। ওই মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক আলমগীর হোসেন তাঁর মেয়েকে দীর্ঘদিন ধরে ইভ টিজিং করছিলেন। মেয়ে তাঁকে বিষয়টি অবহিত করলে মাদ্রাসার অপর দুই শিক্ষক ফজলুল হক ও খায়েরুল ইসলামের কাছে বিচার চান। এতে ওই শিক্ষক ক্ষিপ্ত হন। তাঁকে এবং তাঁর মেয়েকে দেখে নেওয়ার হুমকি দেন। গত বৃহস্পতিবার সকালে তাঁর মেয়ে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে বিকেলে মেয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে না যাওয়ায় তিনি বিভিন্ন স্থানে খোঁজ করে মেয়েকে পাননি।
পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন, শিক্ষক আলমগীর হোসেন মাদ্রাসার সামনে থেকে তাঁর মেয়েকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশাযোগে তুলে নিয়ে গেছেন।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, মাদ্রাসাছাত্রীর মায়ের অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে মাঠে কাজ করছে।