ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. লিটন মিয়া (২৯) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লিটন মিয়া চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে মিয়াবাজার থেকে দুই যাত্রী নিয়ে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন লিটন মিয়া। পথে আমানগন্ডা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যান তাঁর অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই লিটন মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত হন দুই যাত্রী।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাশেম বলেন, অটোরিকশাচালককে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় পাঠানো হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চালকের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।