হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা, স্বপ্ন মানবিক চিকিৎসক হওয়ার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

জাকিয়া সুলতানা ইভা। ছবি: সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ নম্বর পেয়ে কুমিল্লা জেলায় প্রথম হয়েছে দেবিদ্বারের জাকিয়া সুলতানা ইভা। দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করে সে।

ইভা উপজেলার গোমতী আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ জামাল হোসেন ও শাহিনুর আক্তার দম্পতির মেয়ে। তার বাবা-মা দুজনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জাকিয়া সুলতানা ইভা বলে, ‘এখন একটি ভালো কলেজে ভর্তি হতে চাই এবং ভবিষ্যতে মেডিকেলে পড়াশোনা করে একজন মানবিক চিকিৎসক হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

চিকিৎসক পেশা পছন্দের কারণ হিসেবে ইভার বক্তব্য, ‘এটা আমার পছন্দ। এই পেশাতে সম্মানের পাশাপাশি সরাসরি মানুষের সেবা করার সুযোগ রয়েছে।’

সাফল্যের পেছনে বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন ইভা। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। পরিবারের পক্ষ থেকে ইভার ভবিষ্যৎ স্বপ্ন পূরণ ও আরও বড় সাফল্যের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

ইভার মা শাহিনুর আক্তার বলেন, ‘আমাদের মেয়ে সব সময় অনুগত ও পরোপকারী। ফলাফলের এই কৃতিত্ব শুধু আমাদের পরিবারের জন্য নয়, দেবিদ্বারের শিক্ষাঙ্গনের জন্যও গর্বের। তার এই সাফল্য ভবিষ্যতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। আমার মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই। সে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে।’

দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, ‘উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে আমাদের বিদ্যালয়। ইভা আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। ষষ্ঠ শ্রেণি থেকে সেই ধারাবাহিকতায় তার আজকের এই সাফল্য। ইভার এই সাফল্যে আমাদের বিদ্যালয় পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের এই স্বীকৃতি ভবিষ্যৎ পথচলায় আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠুক, এটাই প্রত্যাশা।’