হোম > সারা দেশ > কুমিল্লা

সামনের গাড়িতে ধাক্কার পর স্লিপার কোচে আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দিতে স্লিপার কোচে আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে চলন্ত একটি বিলাসবহুল স্লিপার কোচ বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ভাগ্যক্রমে ভেতরে থাকা সব যাত্রী দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আজ সোমবার ভোরে মহাসড়কের ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশন এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রয়েল কক্স পরিবহন’-এর একটি স্লিপার কোচ বাস ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ সিএনজি পাম্পের কাছে পৌঁছালে সামনে থাকা অন্য একটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গ্যাস সিলিন্ডার থেকে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে বাসজুড়ে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসটি ভস্মীভূত হয়।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, ‘বাসে আগুন দেখে আমরা দৌড়ে আসি। সব যাত্রী নিরাপদে বের হতে পেরেছেন। আগুন ভয়াবহ ছিল। পুরো বাস পুড়ে গেছে।’

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম বলেন, সামনে থাকা একটি গাড়িতে ধাক্কার পর স্লিপার কোচটিতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। আগুনে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।