হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় গুলিবিদ্ধ স্কুলছাত্র: আটক যুবকের তথ্যে পিস্তল-গুলি উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

গুলিবিদ্ধ ইথান আহমেদ (১২) । ছবি: আজকের পত্রিকা

কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত স্থান থেকে ছয় রাউন্ড গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আজ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, বৃহস্পতিবার রাতে কাটাবিল এলাকার শ্রাবণকে আটক করার পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী একটি বাড়ির পরিত্যক্ত স্থান থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, মানববন্ধনে হামলার সময় এই অস্ত্র দিয়েই গুলি ছোড়া হয়েছিল।

ওসি আরও জানান, মামলার এজাহারে শ্রাবণের নাম না থাকলেও তদন্তে ঘটনায় তাঁর সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর বাবা ইউনুছ মিয়া জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গুলি অপসারণ সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচারের প্রস্তুতি নিলেও এখনো শরীর থেকে গুলি বের করা হয়নি। গুলির ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ অব্যাহত থাকায় তাকে রক্ত দেওয়া হচ্ছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন চলাকালে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত হামলা ও গুলিবর্ষণ করে। এতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেমসহ অন্তত পাঁচজন আহত হয়।

প্রেম কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয় সূত্রে জানা গেছে, টিফিনের বিরতিতে বাড়ি ফেরার পথে সে গুলিবিদ্ধ হয়।

স্থানীয়দের দাবি, আগের রাত থেকেই এলাকায় মাদক কারবারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা মানববন্ধনের আয়োজন করলে সেখানে হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর ইথানের বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলায় সাব্বির ও অপুসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়েছে।

মাদক কারবারিদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ স্কুলছাত্র ঢামেকে, বের করা যায়নি গুলি

মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টিফিন বিরতিতে বেরিয়ে গুলিবিদ্ধ স্কুলছাত্র

কুমিল্লায় আড়াই ঘণ্টা পর এক লেনে ট্রেন চলাচল শুরু

এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেক ট্রেনের বগি লাইনচ্যুত, রেলপথে চট্টগ্রাম বিচ্ছিন্ন

বহিষ্কৃত শিবির নেতা জিসান রিমান্ড শেষে কারাগারে

ধর্ষণ মামলায় বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

প্রথম সন্তানকে হারানোর পর দ্বিতীয় সন্তানও ক্যানসারে, বাঁচানোর আকুতি মা-বাবার

দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত, আহত ২

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ

চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের পেছনে আরেক বাসের ধক্কা, সুপারভাইজার নিহত