বৈরী আবহাওয়া ও বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১২ জেলেসহ একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর ৪টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূর সাগরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন জেলের মরদেহ ও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজন জেলে এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
উদ্ধার নিহত জেলেরা হলেন কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার বাসিন্দা মো. সাগর, মো. করিম, মো. আইয়ুব মনির এবং একই উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দারপাড়ার বাসিন্দা কামাল হোসেন।
নিখোঁজ নাছির উদ্দীন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন জানান, গতকাল রোববার সকালে কুতুবদিয়া উপজেলার অমজাখালী ঘাট থেকে ‘এফবি ফকিরা মসজিদ’ নামের একটি ট্রলার ১২ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। আজ ভোর ৪টার দিকে ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় সাতজন জেলে অন্য ট্রলারে উঠলেও পাঁচজন নিখোঁজ হন। আজ সন্ধ্যায় ট্রলারটি উদ্ধার করলে এর ভেতরে চারজন জেলের মরদেহ পাওয়া যায়।
কুতুবদিয়া উপজেলা মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, চারজন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।
কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক বলেন, সাগরে ট্রলারডুবির ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।