কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে এক তরুণ ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ ব্যবসায়ী মো. এনাম (২১) টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লেংগুরবিল আদর্শ গ্রামের বাসিন্দা এবং জহির আহমদের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) বেলা ২টার দিকে দুই ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে এনামের মুদির দোকানে আসেন। পরে তাঁরা তাঁকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এর পর থেকে এনামের কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, ‘ওই দুই ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে এনামকে সঙ্গে নিয়ে যান। এর পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি।’
নিখোঁজের বড় ভাই মো. আমিন বলেন, ‘দুই ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে আমার ভাইকে দুজন ব্যক্তি মোটরসাইকেল যুগে তুলে নিয়ে যান। যাওয়ার সময় তাঁরা টেকনাফ সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে খোঁজ নিতে বলেন। পরে আমরা সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে জানতে পারি, তারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন এবং এ ধরনের কোনো অভিযানও পরিচালনা করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। কোনো আর্থিক বা ব্যক্তিগত বিরোধও নেই। ঘটনার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।’
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।’
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে নিখোঁজ এনামকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পরিবারের সদস্যরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।