কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলমগীর চৌধুরীকে (৫৫) আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পৌর শহরের হিন্দুপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আলমগীর চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ২০১৬ ও ২০২১ সালে দুবার চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের পর আলমগীর চৌধুরীর বিরুদ্ধে চকরিয়া, কক্সবাজার সদর ও রাউজান থানায় হত্যা, বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার অভিযোগে একাধিক মামলা হয়েছে। এসব মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পৌর শহরের সায়মা প্লাজা নামের একটি শপিং সেন্টারে আলমগীর চৌধুরী অবস্থান করছেন। পরে চকরিয়া থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আলমগীর চৌধুরীর ছোট ভাই নাজমুল ইসলাম বিটু বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর একাধিক মামলায় আমার ভাইকে আসামি করা হয়। তিনি এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। কয়েকটি মামলায় বাদী আদালতে আপসও করেছেন।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আলমগীর চৌধুরী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন নেওয়ার বিষয়ে কোনো আদালতের নথি দেখাতে পারেননি। তিনি পৌর শহরের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলার সন্দিগ্ধ আসামি। তাঁর বিরুদ্ধে অন্য কোনো থানায় মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।