বিএনপি সরকার জনগণের সরকার, সব সময় জনগণের পাশে থাকবে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জনগণের পাশে আমরা সব সময় থাকব। দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে।’
আজ শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়া পৌরসভা এবং ফাঁসিয়াখালী, লক্ষ্যারচর, সুরাজপুর-মানিকপুর ও বরইতলী ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের যেসব এলাকা বন্যাকবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারিভাবে ক্ষতির জরিপ চলমান রয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষকের ফসলহানি—সবকিছুর জরিপ হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ অবকাঠামোর পুনর্বাসন করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তাঁরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জরিপের পর সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি-বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াব। বন্যাকবলিত এলাকায় যেখানে রান্না করা খাবার দরকার ছিল, সেখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি। সরকারি, বেসরকারি ও দলীয়ভাবে বন্যাকবলিতদের জন্য সহযোগিতার ব্যবস্থা নিয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার প্রমুখ।